টাঙ্গাইলের মির্জাপুরে বিলের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভূল্যা ছয়দানা পাড়া ব্রিজ সংলগ্ন বিলের পানিতে মরদেহটি দেখতে পান মাছ ধরতে আসা স্থানীয় কয়েকজন যুবক।
স্থানীয়রা জানান, পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তারা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মির্জাপুর থানায় নিয়ে যায়।
নবজাতকের মরদেহটি কে বা কারা পানিতে ফেলে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানা পুলিশ জানিয়েছে, নবজাতকের পরিচয় ও মরদেহ ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জাহাঙ্গীর আলম মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি