মৌসুমি ফল পাকা তাল ঘিরে গ্রামবাংলায় শুরু হয়েছে নানা আয়োজন। পাকা তাল দিয়ে তৈরি হয় ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা। সেই মৌসুমি স্বাদের টানে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাটা বাজারেও বাড়ছে পাকা তালের চাহিদা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সোনাটা বাজারে গিয়ে দেখা যায়, এক বিক্রেতা পাকা তাল সাজিয়ে বিক্রি করছেন। আকারভেদে প্রতিটি পাকা তাল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে। বাজারে আসা ক্রেতাদের কেউ বাড়িতে পিঠা তৈরির জন্য, আবার কেউ মৌসুমি ফল হিসেবে খাওয়ার জন্য তাল কিনছেন।
তাল বিক্রেতা জানান, মৌসুমে পাকা তালের চাহিদা থাকে। বাজারে তাল উঠতে শুরু করায় ক্রেতারাও আগ্রহ নিয়ে কিনছেন। বিকেল হলে বিক্রিও কিছুটা বাড়ে।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পাকা তালের রয়েছে গভীর সম্পর্ক। প্রতিবছর এই মৌসুমে বাজারে পাকা তাল উঠলেই ঘরে ঘরে শুরু হয় তাল দিয়ে পিঠা তৈরির আয়োজন। সোনাটা বাজারের পাকা তাল বিক্রিও সেই চিরচেনা মৌসুমি সংস্কৃতিরই একটি অংশ।

গোবিন্দ রায়,ধুনট (বগুড়া) প্রতিনিধি: