প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বস্ত্র ও পাট কমিটির সভাপতি হলেন মাননীয় হুইপ আখতারুজ্জামান মিয়া

মোঃ বিপ্লব ইসলাম খানসামা দিনাজপুর প্রতিনিধি

খানসামা-চিরিরবন্দর (দিনাজপুর-৪) আসনের সরকারি দলের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়াকে সভাপতি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর মধ্য দিয়ে মো. আখতারুজ্জামান মিয়া বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান।

কমিটির সদস্যরা হলেন— বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম (কিশোরগঞ্জ-৬), এসএম ফয়সাল (হবিগঞ্জ-৪), মো. নাসির চৌধুরী (সুনামগঞ্জ-২), মো. আবদুল্লাহ (মুন্সীগঞ্জ-১) ও রেজেকা সুলতানা (সংরক্ষিত নারী আসন-৩৬); বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. আফজাল হোসেন (কুষ্টিয়া-৪) ও হাফেজ মোহাম্মদ রাবিউল বাশার (সাতক্ষীরা-৩); এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিম (সংরক্ষিত নারী আসন-৪৮)।

প্রসঙ্গত, জাতীয় সংসদে মোট ৫০টি স্থায়ী কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং ১১টি সংসদীয় বিষয় সম্পর্কিত কমিটি। এ পর্যন্ত ২৬টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে ১৯টি।

এদিকে, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মো. আখতারুজ্জামান মিয়াকে নির্বাচিত করায় সন্তোষ প্রকাশ করেছেন দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ বিষয়ে দিনাজপুর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল আলম তুহিন বলেন,

“আলহামদুলিল্লাহ, জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ার পর এবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে খানসামা-চিরিরবন্দরবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমরা আশা করি, তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন।”

তিনি আরও বলেন, “এই দায়িত্বের মাধ্যমে শুধু সংসদীয় কর্মকাণ্ডেই নয়, দেশের বস্ত্র ও পাট খাতের উন্নয়ন, সম্ভাবনাকে কাজে লাগানো এবং সংশ্লিষ্ট মানুষের স্বার্থ রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

একই সঙ্গে দিনাজপুর-৪ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও এলাকার উন্নয়নেও তাঁর দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

তাঁর এই অর্জনকে আমরা ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, বরং খানসামা-চিরিরবন্দরবাসীর জন্য একটি সম্মানের বিষয় হিসেবে দেখছি।”

মো. রবিউল আলম তুহিন বলেন, “হুইপের দায়িত্বের পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় তাঁর ওপর দায়িত্ব আরও বেড়েছে।

আমরা বিশ্বাস করি, তিনি তাঁর অভিজ্ঞতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। তাঁর সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন