গতকাল শুক্রবার রাতের টানা ও ভারী বর্ষণে বাঘাইছড়ি-সাজেক প্রধান সড়কের একাধিক নিচু এলাকায় পানি উঠে গেছে। ফলে সাজেকের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বাঘাইহাট ও কাসালং নদীর পানি বৃদ্ধি পেয়ে খাগড়াছড়ি-সাজেক সড়কের বাঘাইহাট বাজার এবং শিজকছড়া সংলগ্ন নিচু এলাকাগুলো তলিয়ে যায়। আজ শনিবার (২৯ আগস্ট) সকাল থেকেই এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
যোগাযোগ বিচ্ছিন্ন: সাজেকগামী সিএনজি, জিপ (চান্দের গাড়ি) ও মোটরসাইকেলসহ কোনো পরিবহন চলাচল করতে পারছে না।
পর্যটকরা আটকা: সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাজেক ভ্যালিতে ঘুরতে যাওয়া বিপুল সংখ্যক পর্যটক আটকে পড়েছেন। একইসঙ্গে দীঘিনালা ও বাঘাইহাট এলাকাতেও সাজেকগামী অনেক পর্যটক আটকা পড়েছেন।
স্থানীয় প্রশাসন: বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানানো হয়েছে, পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি না কমা পর্যন্ত যাতায়াত ঝুঁকিপূর্ণ। পানি নেমে গেলে স্বাভাবিক যান চলাচল পুনরায় শুরু হবে।
পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যটকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

কে এম দুলাল হোসেন বাঘাইছড়ি, রাঙ্গামাটি প্রতিনিধি: