কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ নয় বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, রাত প্রায় ২টার দিকে হোটেলটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে একটি এসি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে কলকাতা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করে। তবে সরু গলির কারণে দমকলের গাড়ি সরাসরি হোটেলের কাছে পৌঁছাতে না পারায় প্রথমদিকে বাইরে থেকেই আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে দমকলকর্মীরা হোটেলের ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান চালান।
নিউ মার্কেট থানার এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের পর হোটেলের কক্ষগুলো ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ফলে উদ্ধারকাজ জটিল হয়ে ওঠে। বিভিন্ন কক্ষ থেকে কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা নয়জনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের শরীরে পোড়ার কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। অতিরিক্ত ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক। তারা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন।

অনলাইন ডেস্ক