ভারতের আসামের ভয়াবহ বন্যায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান দিলেন মুণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং এবং রাজ্যের সাধারণ মানুষ। এই অনুদানের জন্য মণিপুরের মুখ্যমন্ত্রী ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, আসামের বন্যা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা উদারভাবে দেওয়ার জন্য মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং এবং রাজ্যের জনগণের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আসামের মুখ্যমন্ত্রী দুই রাজ্যের ” ভগিনী রাজ্য ” হিসেবে উল্লেখ করে বলেন, আসাম ওমণিপুরের সম্পর্ক শুধু ভৌগোলিক নৈকট্যের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই রাজ্যের মানুষের মধ্যে রয়েছে অভিন্ন ইতিহাস ও আত্মীয়তার বন্ধন। হিমন্ত আরোও বলেন, মণিপুরের এই উদারতা উত্তর – পূর্ব ভারতের মানুষের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার দীর্ঘস্থায়ী চেতনার প্রতিফলন। বন্যা সংকটের এই কঠিন সময়ে আসামের পাশে দাঁড়ানোর জন্য মণিপুরের প্রত্যেক বাসিন্দাকে ও তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ