প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নতুন কুঁড়ি স্পোর্টসে লামার ‘মহামুনি শিশু সদন’র তিন শিক্ষার্থীর পদক অর্জন

চৌধুরী মোহাম্মদ সুজন স্টাফ রিপোর্টার

জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর মার্শাল আর্ট ইভেন্টে চট্টগ্রাম অঞ্চল থেকে অসাধারণ সাফল্য অর্জন করেছেন বান্দরবানের লামা উপজেলার ‘মহামুনি শিশু সদন’র তিন শিক্ষার্থী।

শনিবার (২৫ জুলাই) ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগিতায় তারা একটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি তাম্রপদক জিতেছেন।

‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতার আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রতিযোগিতায় জুডো (-৪৫ কেজি) ইভেন্টে চট্টগ্রাম অঞ্চলের একমাত্র স্বর্ণপদক জয় করেন মহামুনি শিশু সদনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইয়োংপাও ম্রো। একই সঙ্গে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ক্লাময়া ম্রো রৌপ্যপদক এবং জুডো (+৪৫ কেজি) বিভাগে নবম শ্রেণির শিক্ষার্থী রেংচুং ম্রো তাম্রপদক অর্জন করেন।

প্রতিযোগিতায় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মহামুনি শিশু সদনের সহকারী পরিচালক ও স্বর্ণপদকজয়ী জউপ্রু মার্মা।

জানা গেছে, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

মহামুনি শিশু সদনের পরিচালক চিং মং মার্মা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও তারা আরও বড় অর্জন এনে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, “তিন শিক্ষার্থীর এই গৌরবোজ্জ্বল অর্জন শুধু মহামুনি শিশু সদনের নয়, এটি লামা উপজেলা তথা সমগ্র বান্দরবান জেলার জন্য গর্বের। আশা করি, আগামী দিনেও তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশ ও জেলার সম্মান আরও উজ্জ্বল করবে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন