প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আশুলিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলি, নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ শুটার বাপ্পির বিরুদ্ধে

সাভার আশুলিয়া প্রতিনিধিঃ মোঃ বাবুল হোসেন

ঢাকার সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে কথিত শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পুলিশের দাবি, অভিযানের মুখে এক নারীকে জিম্মি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাপ্পি।

শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার চৌধুরী প্লাজায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১টার দিকে চৌধুরী প্লাজার একটি ভবনে শুটার বাপ্পি ও তার সহযোগীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাপ্পি ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে দাবি করেন ওসি। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বাপ্পি এক নারীকে জিম্মি করে ভবন থেকে বেরিয়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

ওসি তারিকুল ইসলাম বলেন, “ওই সময় আমরা যদি গুলি চালাতাম বা তাকে আটকানোর চেষ্টা করতাম, তাহলে জিম্মি নারীর জীবন ঝুঁকিতে পড়তে পারত। তাই তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা আর গুলি করিনি।”

তিনি আরও জানান, বিকেল সোয়া ৩টা পর্যন্ত ভবনটি ঘিরে রেখে বাপ্পির সহযোগীদের আটকে অভিযান চালানো হয়। পলাতক বাপ্পিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, শুটার বাপ্পির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগেও আশুলিয়ার জামগড়া এলাকায় প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় তার বাহিনীর নাম উঠে এসেছিল।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বাপ্পির পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন