প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমপি আরিফা সুলতানা রুমার মতবিনিময়

আলামিন হক বিজয়, রাজশাহী ব্যুরো :

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর)-এর কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২০ জুলাই) বিকেলে সমিতির প্রাঙ্গণে পৌঁছালে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার, সমিতির বোর্ডের সভাপতিসহ কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানান।

 

পরে সমিতির বোর্ডরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভার আনুষ্ঠানিক কার্যক্রম পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সমিতির অ্যাডমিন শাখার সঞ্চালনায় জেনারেল ম্যানেজার স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি সমিতির বর্তমান বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, চলমান উন্নয়নমূলক প্রকল্প এবং প্রশাসনিক কার্যক্রমের সার্বিক চিত্র সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা সমিতির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বিদ্যুৎ জনগণের অন্যতম মৌলিক সেবা। কোনো গ্রাহক যেন হয়রানির শিকার না হন এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সেবার মান আরও উন্নত করে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি।

 

মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য সমিতির প্রাঙ্গণ ও বিভিন্ন শাখা পরিদর্শন করেন। পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন ক্যাম্পাস দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রশংসা করেন।

 

সভায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ডের অন্যান্য কর্মকর্তা, প্রকৌশলী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন