প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে দুই যুবকের সাজা

আলামিন হক বিজয়, রাজশাহী ব্যুরো :

নওগাঁর আত্রাই উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার সুইপার কলোনি সংলগ্ন তুলাপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পারকাসুন্দা গ্রামের আহমেদ আলীর ছেলে মো. জহুরুল (১৯) এবং একই উপজেলার আমরুল কসবা (আমপুর) গ্রামের জিয়ারুলের ছেলে মো. মনির (১৯)।

 

স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সুইপার কলোনি সংলগ্ন তুলাপট্টি এলাকায় ওই দুই যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

 

পরে ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপস্থিত সাক্ষ্যপ্রমাণ ও প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ড কার্যকরের জন্য পরে তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। মাদক সেবন, বহন ও বেচাকেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং কঠোর আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন