সারা দেশে টানা বৃষ্টির প্রভাব পড়েছে গাজীপুর মহানগরের কাঁচাবাজারে। সরবরাহ ব্যাহত হওয়ায় গত এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ, বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে অল্প কয়েকটি সবজি ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম ১০০ টাকার কাছাকাছি বা তার বেশি। ভালো মানের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ টাকায়।
শুক্রবার (১৭ জুলাই) সকালে মহানগরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে সবজির সরবরাহ কমে গেছে। সবজিবাহী ট্রাক নির্ধারিত সময়ে গাজীপুরে পৌঁছাতে না পারায় চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে, যার প্রভাব পড়েছে বাজারে।
তাদের মতে, ভারী বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলের সবজির খেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে সরবরাহ সংকট আরও তীব্র হয়েছে এবং দাম বেড়েছে।
বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১০০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, পটল ও ঢেঁড়স ৪০ থেকে ৭০ টাকা, ঝিঙা ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা এবং শসা ৯০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগের তুলনায় এসব সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। কাঁচা মরিচের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়েক দিন আগে কেজিপ্রতি ১২০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ বর্তমানে সাধারণ মানের ১৬০ থেকে ১৮০ টাকা এবং ভালো মানের মরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা এবং গোল আলু ২০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলকভাবে পেঁপের দাম কম রয়েছে। বাজারে প্রতি কেজি পেঁপে ২৫ থেকে ৩৫ টাকা এবং গাজর ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বোর্ড বাজারের এক সবজি বিক্রেতা জানান, টানা বৃষ্টির কারণে গাজীপুরে সবজির সরবরাহ কমে গেছে। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে ক্ষেতের ক্ষয়ক্ষতির প্রভাবও বাজারে পড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়বে এবং দামও ধীরে ধীরে কমে আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
ক্রেতা আব্দুর রহমান বলেন, সরবরাহ সংকটের পাশাপাশি কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় বাজার করা আরও কষ্টকর হয়ে উঠেছে।

মোঃ নজরুল ইসলাম (গাজীপুর মহানগর) প্রতিনিধি :