প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

তানোরে সাঁওতাল পল্লীর খাস পুকুর দখলচেষ্টার অভিযোগ

আলামিন হক বিজয়, রাজশাহী ব্যুরো :

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের বকরিডাঙা অমৃতপুর সাঁওতাল (ক্ষুদ্র নৃগোষ্ঠী) পল্লীর সরকারি খাস ও ভিপি (ভেস্টেড প্রপার্টি) সম্পত্তিভুক্ত দুটি পুকুর দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পল্লীর বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

 

স্থানীয়দের অভিযোগ, দরগাডাঙা হাট এলাকার বিএনপি নেতা জয়েন মণ্ডল তাঁর লোকজন নিয়ে পুকুর দুটি দখলের চেষ্টা করছেন। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্যদের মধ্যে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্র জানায়, উপজেলার জে.এল. নম্বর-১৭, অমৃতপুর মৌজার খতিয়ান নম্বর ০১ ও ১৬১ এবং দাগ নম্বর ১১৬ ও ৯৪-এর আওতাভুক্ত যথাক্রমে ০.৩৭ একর ও ০.১৯ একর আয়তনের দুটি সরকারি পুকুর রয়েছে। প্রায় ৮০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের বসবাস এই পল্লীতে। পুকুর দুটি জনস্বার্থে ও গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত এবং কোনো অবস্থাতেই বহিরাগতদের কাছে ইজারা দেওয়া যাবে না বলে স্থানীয়রা দাবি করেন।

 

পল্লীর বাসিন্দাদের ভাষ্য, স্বাধীনতার আগ থেকেই তারা বংশপরম্পরায় ইজারা নিয়ে শান্তিপূর্ণভাবে পুকুর দুটি ব্যবহার করে আসছেন। পরবর্তীতে এফএইচ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ফারওয়ে আইল্যান্ডের অর্থায়নে ‘বরেন্দ্র অঞ্চলে জীবিকা ও পুষ্টি উন্নয়ন টেকসই মৎস্যচাষ প্রকল্প’-এর আওতায় পুকুর দুটিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া উপকারভোগীদের কাছ থেকে ১০ শতাংশ অর্থ সংগ্রহ করে পুকুর দুটি পুনঃখননও করা হয়।

 

স্থানীয় বাসিন্দা মর্জিনা টুডু, নির্মল টুডু ও সোনাতন হেমরম অভিযোগ করে বলেন, জয়েন মণ্ডল ও তাঁর সহযোগীরা পুকুর দুটি দখলের চেষ্টা করছেন। এতে বাধা দিলে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদের হুমকিও দেওয়া হচ্ছে। ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

তারা আরও জানান, পুকুর দুটি পুনরায় ইজারা নেওয়ার জন্য তারা ভূমি অফিসে আবেদন করেছেন। তবে রহস্যজনক কারণে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং পুকুরপাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোনো বসতবাড়ি নেই—এমন মিথ্যা প্রতিবেদন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। পাশাপাশি ৮০টি পরিবারের কাছ থেকে ৫০০ টাকা করে সংগ্রহ করে জয়েন মণ্ডলকে দিতে বলা হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

 

এ বিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, অভিযোগের বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাজিরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন