ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আহাম্মদ আলি (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহাম্মদ আলি পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলির ছেলে। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন ট্রেনে ফেরি করে পপকর্ন বিক্রি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভাব-অনটনের কারণে আহাম্মদ আলির পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বৃদ্ধ বাবা-মায়ের মুখে অন্ন তুলে দিতে তিনি হকারি পেশা বেছে নেন এবং বিভিন্ন ট্রেনে ঘুরে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
সোমবার ভোরে চাটমোহর স্টেশন থেকে ট্রেনে করে তিনি ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে যান। সেখান থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহাম্মদ আলির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মূলগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মো. শফিকুল ইসলাম।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :